উত্তরায় ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার

চীনে নিয়ে যাবে এবং বিয়ে করবে, এমন প্রলোভন দিয়ে রাজধানীর উত্তরায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহযোগীসহ চীনের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হলেও ঘটনাটি প্রকাশ পেয়েছে গতকাল মঙ্গলবার। গ্রেপ্তারকৃতরা হলেন চীনের নাগরিক জি সেন (৫৮) ও হীরা চাকমা (২৫)।

উত্তরা পশ্চিম থানার ওসি মাসুদ আলম দেশ রূপান্তরকে বলেন, পুলিশ জি সেন ও হীরা চাকমাকে উত্তরার ১৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে। গত সোমবার তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এখন ছাত্রীটি পরিবারের হেফাজতে আছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।

তিনি আরও বলেন, ওই ছাত্রী সরকারি একটি কলেজের উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে পড়েন। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করেন।