সৌদিতে ইসরায়েলি প্লেনের জরুরি অবতরণ, বেঁচে গেল ১২৮ যাত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি ইসরায়েল ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক বেশ উষ্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই জরুরি প্রয়োজনে সাড়া দেওয়ায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ ধন্যবাদ জানান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রাতে ইসরায়েলের যাত্রীবাহী একটি প্লেন জেদ্দায় জরুরি অবতরণে বাধ্য হয়। প্লেনটি লোহিত সাগরের ওপর থাকা অবস্থায় কারিগরি ত্রুটির সম্মুখীন হয়েছিল। সৌদিতে জরুরি অবতরণের ফলে প্লেনের ১২৮ জন আরোহী দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।

পরে প্লেনের আরোহীরা তেল আবিবে পৌঁছালে ওই ভিডিও বার্তা প্রকাশ করেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমি দুর্ভোগে পড়া ইসরায়েলি প্লেনের যাত্রীদের প্রতি সৌদি কর্তৃপক্ষের উষ্ণ মনোভাবের প্রশংসা করি। সেই সঙ্গে আমি ভালো প্রতিবেশীর প্রশংসা করি।

জানা গেছে, ইসরায়েলের ওই প্লেন সেশেলস থেকে তেল আবিবে ফিরছিল। মাঝ আকাশে কারিগরি ত্রুটি দেখা দিলে পাইলট প্লেনের গতিপথ বদলে ফেলেন। তেল আবিবে যাওয়ার পরিবর্তে প্লেনটি জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

আরোহীরা ওই রাতে জেদ্দা বিমানবন্দরের হোটেলে অবস্থান করেন। পরদিন মঙ্গলবার (২৯ আগস্ট) বিকল্প প্লেনে সবাইকে তেল আবিবে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন: ডলারের দাম কমছে, শক্তিশালী হচ্ছে আফগান মুদ্রা