দিনে দুপুরে শহরের রাস্তায় গুলির শব্দ। কৌতূহলী গৃহস্তদের চোখ জানালায়। বাইরে কী হচ্ছে? একজন তো দূর থেকে ভিডিও করলেন। আর তাতে দেখা গেল বন্দুক হাতে সশস্ত্র কয়েকজনের পিছু নিয়েছেন এক ব্যক্তি। গায়ে পুলিশের পোশাক নেই। কিন্তু ১০২ কেজি ওজন নিয়ে চার ডাকাতকে ধাওয়া করলেন তিনি। পরালেন হাতকড়া।
গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটে। আনন্দবাজার অনলাইন জানিয়েছে, ওই ব্যক্তির নাম রতন রায়। তিনি রানাঘাট থানার এএসআই। চার ডাকাতকে প্রায় ৫০০ মিটার ধাওয়া করেছেন রতন। এর মধ্যে দুজনের পায়ে গুলি করেছেন জং ধরা রিভলভার দিয়ে। তাদের কাছ থেকে জুয়েলারি শো-রুম থেকে লুট করা দামি গয়না উদ্ধার করা হয়েছে।
রতন বলেন, ওই সময় কার হাতে কি অস্ত্র আছে কিছুই মাথায় ছিল না। খবর পাওয়া মাত্র ভেবে নিই, যে ভাবেই হোক আমাকে পুলিশের সম্মান বাঁচাতেই হবে। ডাকাতদল যেন পালাতে না পারে।
পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে থানার টেবিল দায়িত্বে ছিলেন এএসআই রতন। এ সময় একটি গয়নার শো-রুমের নিরাপত্তারক্ষী ফোনে জানান, তাদের দোকানে একদল ডাকাত ঢুকে পড়েছে। সময় নষ্ট করেননি রতন। দ্রুত গাড়ির চালকসহ চারজন পুলিশ নিয়ে ছুটে যান ঘটনাস্থলে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সরে পড়েছিল ডাকাতরা। পুলিশের দিকে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে তারা। এ সময় অসহায়ের মতো লুকিয়ে পড়তে হয় পুলিশ সদস্যদের। কিন্তু হাল ছাড়েননি রতন। কোমর থেকে পুরনো রিভলভার বের করে ডাকাতদলকে জবাব দেন।
আরও পড়ুন: সৌদিতে ইসরায়েলি প্লেনের জরুরি অবতরণ, বেঁচে গেল ১২৮ যাত্রী