দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল নেই। টুর্নামেন্টে নিজেদের ম্যাচের আগের দিন ছিটকে গেছেন লিটন দাস। তাতে ওপেনিংয়ে জেরবার অবস্থা। কীভাবে সংকট থেকে উত্তরণ হবে, নাকি অধিনায়ক সাকিব আল হাসান নিজে নেমে আসবেন ফের তিনে। যে পজিশনে আলো ছড়িয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে।
আজ পাল্লেকেলে স্টেডিয়ামের পাশে ইনডোরের সংবাদ সম্মেলনে ম্যাচের আগের দিন এই প্রশ্নটি উঠে আসে। উত্তরে সাকিব জমিয়ে রাখেলনে রহস্য। মুচকি হাসি দিয়ে জানালেন, পরিকল্পনা থাকলেও বলতে পারবেন না।
সাকিব বলেন, ‘এখন আসলে যদি পরিকল্পনা থাকে সেটা আপনাকে বলতে পারবো না। এই হচ্ছে কথা। অবশ্য আমাদের কিছু পরিকল্পনা আছে, আমাদের ব্যাকআপ ক্রিকেটার যারা আছে তাদেরকে দেখার একটি সুযোগ। নতুন যারা আসবে তাদের জন্য একটা সুযোগ ভালো কিছু করার।’
চলতি বছর সাকিব কোনো ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং করেননি। ৬ ওয়ানডেতে চারে ব্যাটিং করেছেন, আর ৫ ওয়ানডেতে ব্যাটিংয়ে নামেন পাঁচ নম্বরে। সবশেষ তিনে ব্যাটিং করেন ভারতের বিপক্ষে, গত বছরের ডিসেম্বরে। এ বছর সবগুলো ওয়ানডেতে তিনে নামেন নাজমুল হোসেন শান্ত।
সাকিব ব্যাটিং অর্ডারের পরিবর্তন করে চারের পরিবর্তে এক ধাপ উপরে উঠে আসেন নাকি আরেক ধাপ নিচে নামেন সেই জায়গাতেই মূলত রহস্য রেখে দেন। তিনি যেভাবে বলেছেন তরুণদের সামনে সুযোগ তাতে করে বোঝা যায় তাওহীদ হৃদয়েরও উপরে উঠে আসার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত খেলা ৮ ওয়ানডের মধ্যে হৃদয় ৭টির মধ্যে ব্যাটিং করেন পাঁচ নম্বরে। আর ১টিতে ব্যাটিংয়ে নামেন চারে।
আগামীকাল বাংলাদেশ সময় সাড়ে ৩টায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সাকিব দুই দলের সামনেই দেখছেন সমান সুযোগ, ‘আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো খেলবে তারা জিতবে। দুই দলেরই শক্তি, দুর্বলতা একইরকম। তাই দুই দলের জন্যই সমান সুযোগ আসলে।’