সাংবাদিকদের দুষলেন শানাকা

বাংলাদেশের বোলিং বিভাগ শ্রীলঙ্কার চেয়ে ভালো, এশিয়া কাপ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই বলে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি চলে যাওয়ার পর আসেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। যিনি গত বছর এশিয়া কাপে ম্যাচের আগে মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশে কোনো বিশ্বমানের বোলার দেখেন না বলে মন্তব্য করেছিলেন।

বছর ঘুরে আরও একটি এশিয়া কাপ এসেছে। আরও একবার বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শানাকাকে পেয়ে এক সংবাদকর্মীর প্রশ্ন এবারের বাংলাদেশের বোলিং আক্রমণ কি বিশ্বমানের? যে প্রশ্নে পাল্লেকেলের সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল পড়ে। তবে এবার আর জল বেশি দূর গড়াতে দেননি লঙ্কান অধিনায়ক।

গণমাধ্যম কর্মীদের উপর দোষ চাপিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে বিশ্বমানের আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন প্রতিপক্ষকে সম্মানের কথা, ‘অবশ্যই বাংলাদেশে বিশ্বমানের পেসার আছে। আমরা এখানে যা বলি তা আপনারা কীভাবে নেন সেটাই বিষয়। গতবার আমি খারাপ কিছু মিন করিনি, কিন্তু এটা ভাইরাল হয়ে গিয়েছিল। আমাদের অবশ্যই প্রতিপক্ষের জন্য সম্মান আছে। এটা সম্পূর্ণ আসলে আপনারা বিষয়টা কিভাবে নিচ্ছেন, তার ওপর নির্ভর করে।’