সম্রাজ্ঞী এলেন আকবরের জীবনে

যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ তামিম, তানজিম সাকিব ও শরিফুল ইসলামরা ব্যস্ত এশিয়া কাপ নিয়ে। সেই দলের অধিনায়ক আকবর আলির এখনও জাতীয় দলে হয়নি অভিষেক। নেই ঘরোয়া কোনো ক্রিকেটও। তাই অবসর সময়ে জীবনের সাম্রাজ্যে নিয়ে এলেন রানি।

উইকেট কিপার ব্যাটসম্যান ২২ গজের বাইরের দ্বিতীয় ইনিস শুরু করলেন। মঙ্গলবার বিয়ের আনুষ্ঠানিকতা সারার পর আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন সেই তথ্য।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রী জান্নাতি ওয়াহিদার সঙ্গে ছবি দিয়েছেন আকবর। স্ত্রীর প্রতি বিমুগ্ধ এই ক্রিকেটার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তোমাকে জানাটা ছিল কাকতালীয়, কিন্তু তোমাকে বেছে নেওয়া ছিল অবধারিত। আমার জীবনে আসায় ধন্যবাদ। তুমি সেরা সঙ্গী, যে কেউ এমন কারও স্বপ্ন দেখে।’

জানা গেছে, আকবরের স্ত্রী জান্নাতি ওয়াহিদা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টারে বায়োমেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করছেন। সে সুবাদে তিনি থাকছেনও যুক্তরাজ্যে।

ক্রিকেটের বড় মঞ্চে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে না পারলেও আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা এসেছিল ২০২০ সালে। যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এরপর বিশ্বকাপজয়ী দলটির কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে ক্যারিয়ার শুরু করলেও, সেই সুযোগ মেলেনি আকবরের।