কাজী পেয়ারার জনক বদরুদ্দোজা মারা গেছেন

জাতীয় ইমেরিটাস বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা মারা গেছেন। তাকে কাজী পেয়ারার জনক বলা হয়। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে ঢাকার উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খ্যাতনামা এই বিজ্ঞানীর বয়স হয়েছিল ৮৬ বছর।

পরিবারের বরাত দিয়ে সাংবাদিক শাইখ সিরাজ কাজী এম বদরুদ্দোজার মৃত্যুর খবর নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, তিনি অসুস্থ ছিলেন অনেক দিন ধরে। গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে কাজী এম বদরুদ্দোজার প্রথম জানাজা হবে। পরে গাইবান্ধায় নিজ গ্রামে দাফন করা হবে বলে জানা গেছে।