বিদ্যুৎ-জ্বালানিতে ৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগ দরকার

দেশের বিদ্যুৎ, জ্বালানি খাতের উন্নয়নে আগামী ১৫ বছরে ৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগ দরকার বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমেরিকার বড় কোম্পানিগুলো এই খাতে বিনিয়োগে আগ্রহী। বর্তমান সরকারের ওপর আস্থা ও বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে বলেই বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় তারা।

গতকাল বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমেরিকার বড় কোম্পানিগুলো এসেছে, অনেকে পার্টনার হতে চায়।

তারা বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করতে চায়। আমরা গত মে মাসে আমেরিকা সফরের সময়ে তাদের সঙ্গে বৈঠকে উপস্থাপনা দিয়েছিলাম। ওয়াশিংটন ডিসিতে সম্মিলিতভাবে বৈঠক করি, ওয়ান টু ওয়ান বৈঠকও হয়। সেখানে আমরা বলেছিলাম, বিদ্যুৎ জ্বালানি খাতে আগামী ১৫ বছরে ৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগ দরকার। তখন তারা আগ্রহ দেখায়। তারই ধারাবাহিকতায় আজকের বৈঠক।’

বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতের ৮০ শতাংশ ব্যবসা-বাণিজ্য আমেরিকান কোম্পানির সঙ্গে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘আমাদের গ্যাসের ৪৫ শতাংশ আমেরিকান কোম্পানি শেভরন সরবরাহ করছে। আমদানিকৃত এলএনজিও আসছে মার্কিন কোম্পানি এক্সিলারেটর এনার্জির মাধ্যমে। কোম্পানিটি পায়রায় আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করবে। ২০২৬ সাল থেকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার অংশ হিসেবে পায়রায় ওই এফএসআরইউ স্থাপন করবে। কোম্পানিটি এফএসআরইউর পাশাপাশি পাইপলাইন নির্মাণ করবে। সেখান থেকে খুলনা, সিরাজগঞ্জ ও রংপুরে গ্যাস সরবরাহ নিশ্চিত হবে।’

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত অতুল কেশপ বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে খুবই আগ্রহী।