খালেদার নাইকো মামলার সাক্ষ্য গ্রহণ চলবে

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি খারিজের এ আদেশ দেয়।

এই আদেশের ফলে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে থাকা এ মামলার বিচার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

গত ১৯ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৯। অভিযোগ গঠনের এ আদেশ চ্যালেঞ্জ করে ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে গত ১৭ মে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা।