নেতৃত্বের অভিষেক হয়েছে মিচেল মার্শের। অধিনায়ক হিসেবে তার পথচলাটা জয় দিয়ে। তাই মনে থাকবে অনন্তকাল। তবে মনে রাখার উপলক্ষ্যটা আরও রাঙিয়েছেন নিজেই। ব্যাট হাতে ৪৯ বলে ৯২ রানের বিধ্বংসী এক ইনিংসে দলকে দিয়েছিলেন পাহাড়সম সংগ্রহ। পরে আদায় করেছেন বিশাল জয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি হয়ে গেল আজ। ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১১ রানে বিশাল ব্যবধানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই হারায় ট্রাভিস হেডের উইকেট। তিনে নেমে অধিনায়ক মার্শ ৬৩ রানের জুটি গড়েন ম্যাথু ওয়েড। কিন্তু সেই জুটি ভাঙলে আবার শুরু হয় যাওয়া আসার মিছিল। পরে টিম ডেভিডের সঙ্গে গড়েন ৯৭ রানের জুটি। মার্শের ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও ২ ছক্কায়। ডেভিডের ব্যাটে ৭ চার ও ৪ ছক্কায় ২৮ বলে আসে ৬৪ রান। তাতে ভর করে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে অজিরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে লিজাড উইলিয়ামস ৪৪ রান খরচা করে ৩ উইকেট শিকার করেছেন।
২২৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে গেছে মাত্র ১১৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন রেজা হ্যান্ডরিক্স। অস্ট্রেলিয়ার হয়ে তানভির সাঙ্ঘা সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া মার্কাস স্টয়নিস তিনটি ও স্পেন্সার জনসন ২ উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন অভিষিক্ত অধিনায়ক মার্শ।