অভিষেকে শূন্য, ৩০৮ নম্বর ক্রিকেটার তামিম

যুবদের ক্রিকেটে তানজিদ হাসান তামিম পেয়েছিলেন বিশ্বসেরার স্বাদ। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেই কীর্তির তিন বছর পর আজ বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে তার। সেটাও আবার এশিয়া কাপের মতো বড় মঞ্চে। তবে নিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটা রাঙাতে পারলেন না তিনি। ফিরে গেছেন শূন্য রানেই।

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই মহেশ থিকশানার এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। এই দুই বল খেলে কোনো রান না করেই ফিরে যান তিনি। আর তাতেই অভিষেকে শূন্য রানে আউট হওয়া ক্রিকেটারদের তালিকায় ঢুকে যান তিনি। ৩০৮ নম্বর ক্রিকেটার হিসেবে হতাশার এই কীর্তিটা গড়লেন তিনি।

এই তালিকায় আছেন আরও ১৭ বাংলাদেশি। ১৮তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন তামিম। যে তালিকায় আছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ, ডলার মাহমুদ, নাঈম ইসলাম, ইয়াসির রাব্বিদেরও নাম। তারা সবাই অভিষেকে শুন্য করে আউট হয়েছিলেন।

১৯৮৬ সালে বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে অভিষেক হয় বাংলাদেশের ক্রিকেটারদের। সেদিন অধিনায়ক অভিষেকে শূন্য রানে আউট হয়েছিলেন। এছাড়া দলের পেসার সামিউর রহমান সামিও শূন্য রানে আউট হন।

তিন নম্বর পজিশনে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে জাত চেনানো আফতাব আহমেদ। এই হার্ড হিটারও অভিষেকে শূন্য রানে আউট হয়েছিলেন। তবে ছোটো পরিসরের আন্তর্জাতিক ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ। এছাড়া রুবেল হোসেন, এনামুল হক জুনিয়র, ফজলে মাহমুদ রাব্বি, জিয়াউর রহমানদের মতো ক্রিকেটাররা আছেন এই তালিকায়। তামিমের যুব বিশ্বকাপের সতীর্থ শরিফুল ইসলামও অভিষেকে শূন্য রানে আউট হয়েছিলেন।