সদরঘাট লঞ্চ টার্মিনালসহ সারাদেশে নৌ টার্মিনালে প্রবেশ ফি নেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের প্রবেশ ফি বন্ধে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট।
এক আইনজীবীর করা রিটের ওপর শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
নৌপরিবহন সচিব, এলজিআরডি সচিব, বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান ও সচিবসহ পাঁচ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। গত ২৫ জুলাই আইনজীবী মো. জাহাঙ্গীর আলম এ রিট আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মোকছেদ আলী ও মো. সারোয়ার আলম।
অ্যাডভোকেট সারোয়ার আলম দেশ রূপান্তরকে বলেন, ‘সদরঘাটে যে কোনো বয়সের নাগরিক প্রবেশ করলেই বিআইডব্লিউটি’র নামে ১০ টাকা করে প্রবেশ ফি নেওয়া হয়। এমনকি মাত্র কয়েক কেজি ওজনের লাগেজ থাকলে সেটিতে ফি ধরা হয়। অথচ বিমানবন্দর, রেল স্টেশন ও বাস টার্মিনালে এ ধরনের কোনো প্রবেশ ফি নেই। আদালতে বিষয়টি উপস্থাপন করে বলেছি, এটি একটি বেআইনি প্রক্রিয়া। হাইকোর্ট রুল দিয়েছেন।’