জমি মালিকানাকে কেন্দ্র করে কুমিল্লার বরুড়ার জালগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সাড়ে ১০টার দিকে জালগাঁও গ্রামের দরবেশ বাড়ির সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৫০) ও খোরশেদ আলম (৩৫)। আহতরা হলেন, নিহত খোরশেদের স্বজন মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।
নিহত খোরশেদের বাবা জামাল হোসেন বলেন, আমার ছেলেকে সাত্তার ও তার সন্ত্রাসীবাহিনী দিয়ে মাঠে আক্রমণ করে তারপর সড়কে এনে বেধরক মারে এবং চুরির আগাতে মারা যায়।
নিহত আ. সাত্তারের মেয়ে বলেন, আমার পরিবারে মা আর প্রতিবন্ধী ভাই ছাড়া আর কেউ নেই। আমার বাবাকে তারা মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, আব্দুস সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলমান। আজ সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাদের বাধা দিতে যায়। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতারি আঘাত করে এতে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খোরশেদ। এই ঘটনা শুনে জয়নালের লোকেরা সাত্তারকে এলোপাতাড়ি পেটালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনারস্থলে সদর দক্ষিণ সার্কেলের এএসপি এ কে এম এমরানুল হক মারূফ বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতনদের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত আছে। তথ্য সংগ্রহ চলছে, বিস্তারিত পরে জানানো যাবে।