সময়ের সঙ্গে পরিণত হয়ে উঠছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। দিনকে দিন ভয়ঙ্কর হয়ে উঠছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ইনিংসে মোট ২৯ জন ডানহাতিকে আউট করেছেন তিনি। যার মধ্যে নতুন বলে ফিরিয়েছেন ১০ জনকে। আগামীকাল বাবর আজমরা খেলতে নামছেন ভারতের বিপক্ষে। সেই ম্যাচের আগে চোট হানা না দিলে শাহিনের খেলার জোরালো সম্ভাবনা আছে। আর তাই মাঠে নামার আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে সতর্ক করে দিয়েছেন ম্যাথু হেইডেন।
ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের টপ অর্ডারে অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও নতুন সেনসেশন শুভমান গিল তিনজনই ডানহাতি। এর মধ্যে রোহিতের ব্যাপারটি আলাদা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই শাহিনের ইয়র্কারে তিনি এলবিডব্লিউ হয়েছিলেন। তারও আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে একইভাবে আউট হয়েছিলেন মোহাম্মদ আমিরের বলে।
পাকিস্তানের বাঁহাতি পেসারদের বিপক্ষে শুরুর দিকের এই দুর্বলতায় রোহিতকে কী করতে হবে, সেই পরামর্শ দিয়েছেন ম্যাথু হেইডেন। ইনিংসের প্রথম দিকে শাহিনের বলে রক্ষণাত্মক থাকার পরামর্শ ভারতীয় অধিনায়ককে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার।
হেইডেন একসময় পাকিস্তান দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন। সেই সূত্রেই শাহিনের বোলিং কাছে থেকে দেখা। এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘শাহিন আফ্রিদির বোলিংয়ের বিপক্ষে রক্ষণশীল হতে হবে। (২০২১ টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা স্মরণ করে দেখুন। শাহিন কিন্তু শুরুতেই উইকেট তুলে নিয়েছিল। ওই দিন সে রোহিতের বিপক্ষে যে ডেলিভারি দিয়েছিল, সেটি আমরা কখনোই ভুলব না। সুতরাং শাহিনের বলে কিছুটা সতর্ক থাকতে হবে।’
সতর্ক থাকা বলতে শুরুতে শাহিনের বোলিংয়ের ধরন পর্যবেক্ষণ করা, ‘শাহিনের বল যদি সুইং করে থাকে, তাহলে প্রথম তিন ওভার ছেড়ে দাও।’
শুধু শাহিনই নন, পাকিস্তানের পেস আক্রমণে হারিস রউফ ও নাসিম শাহ আছেন, যারা ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। হেইডেনের মতে, ‘ভারতকে পাকিস্তানের পেস ত্রয়ীর বিপক্ষে খেলতে হবে। এটা কিন্তু এই গ্রহের অন্যতম ঝাঁজালো লড়াইয়ের ম্যাচ। শাহিন, হারিস, নাসিমের মতো তিনজন ভিন্নধর্মী বোলার আছে পাকিস্তানের। এদের বিপক্ষে খেলতে ভারতীয় দলেরও ভিন্নধর্মী পরিকল্পনা থাকতে হবে।’