শামীম ওসমানের নির্দেশে ৩শ বাসে সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে ঢাকায় ছাত্রলীগের ছাত্র সমাবেশে ৩০০ বাসে করে যোগদান করেছে নেতা-কর্মীরা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকার ছাত্র সমাবেশে যোগদান করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট জানান, প্রতিবারের মতো এবারও সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের নির্দেশে প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিয়ে আমরা ঢাকায় সমাবেশে উপস্থিত ছিলাম। জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা তিন শতাধিক বাসে এবং অন্যান্য যানবাহনে করে সমাবেশে অংশ নেন। এর আগে সকাল থেকেই ঢাকায় আমাদের নেতাকর্মীরা জড়ো হন। পরে বিশাল মিছিলসহ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে গত বুধবার সমাবেশের প্রস্তুতি সভায় শামীম ওসমান বলেন, ‘আজকে এখানে এই মিটিং ডাকার কথা আমার না, এই মিটিং ডাকার কথা হচ্ছে যারা কমিটিতে আছেন তাদের। আমরা আপনাদের কাউকে ডাকতাম না আজকে। এটা আমার দায়িত্ব না। আমি একটা এলাকার এমপি। দলের কোনো পদ পদবি আমার নাই। এটা আমাদের দায়িত্ব না সবাইকে নিয়ে ছাত্রলীগ যাবে এদের দুই আড়াইশ বাস রেডি করা। ২ তারিখে আমরা যাব আমাদের জন্য ৪০০-৫০০ বাস রেডি করা। আমাদের ছেলেরা পাগলের মতো কুকুরের মতো খাটবে সবাই এটা আমাদের দায়িত্ব না।

তিনি বলেন, সেই যে ৭৫’র পর থেকে শুরু হয়েছে মনে হচ্ছে সমস্ত দায় দায়িত্ব আমাদের কাঁধের ওপর পড়েছে। আমাদেরকে রাস্তায় লাশ হতে হবে। আমাদেরকেই ঢাকা মিছিল নিয়ে যেতে হবে। যখন এগুলো করা শুরু করেছিলাম তখন রাজনীতি ছিল। এখন রাজনীতিবিদ আছে কিন্তু রাজনীতি নাই। কিছু সংখ্যক মানুষ আছেন নারায়ণগঞ্জেও আছেন অন্য জায়গাও আছেন বড় বড় পদ-পদবি নিয়ে বসে আছেন কিন্তু যার উছিলায় বসে আছেন শেখ হাসিনার প্রয়োজনে তারা মাঠে নামছেন না নামবেনও না বলে মনে হয়।

শামীম ওসমান বলেন, রাজনীতি মনে করি যে মাঠের নেতা মাঠের কর্মীদের সম্পর্ক রাখে। রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে নেয় না। এবাদত হিসেবে নেয়। বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে নেত্রীর পিছনে থেকে কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়।