অর্ণবের গাওয়া তুমুল জনপ্রিয় গান ‘হোক কলরব ফুলগুলো সব, লাল না হয়ে নীল হলো ক্যান/ অসম্ভবে কখন কবে, মেঘের সাথে মিল হলো ক্যান/ হোক অযথা এসব কথা, তাল না হয়ে তিল হলো ক্যান’সহ আরও অনেক গানের গীতিকার রাজীব আশরাফ। গতকাল সকালে মাত্র ৩৮ বছর বয়সে শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হয় তার। রাজীব আশরাফের বড় বোন আয়েশা বেগম কনক জানান, রাজীব আশরাফ ছোটবেলা থেকেই অ্যাজমাটিক সমস্যায় ভুগছিলেন। তাই সব সময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতেন। গত বৃহস্পতিবার দুপুরের পর তার শ্বাসকষ্ট বাড়ে। এরপর নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার চেম্বারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়। কিন্তু একাধিক হাসপাতাল ঘুরেও তাকে ভর্তি করানো সম্ভব হয়নি। শেষমেশ রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত পেরিয়ে সকাল হতে না হতেই তিনি মারা যান। রাজীব আশরাফের বড় বোন জানান, মিরপুর ১০ নম্বর কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে শোবিজের অনেকেই শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘হোক কলরব’ ছাড়াও ‘ধূসর মেঘ’, ‘ঘুম’, ‘রোদ বলেছে হবে’, ‘একটা মেয়ে’, ‘প্রতিধ্বনি’, ‘মন খারাপের একটা সকাল’, ‘কে আমি’, ‘ইট কাঠ পাথরের’, ‘যখন জোনাক জ¦লে’, ‘নাম ছিল না’, ‘বিভ্রম’ প্রভৃতি রাজীবের লেখা জনপ্রিয় গান। এ ছাড়া ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘এই আমার শহর’, ‘যাযাবর পাখনা’, ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’, ‘নিঝুম রাতের তারা’, ‘প্রহর’ তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’ তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবিতেও অর্ণব গেয়েছেন রাজীবের লেখা ‘বোকা চাঁদ’ গানটি। তার লেখা গান রয়েছে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রেও। বেশ কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রও বানিয়েছেন। বাংলাদেশ গেমসের জন্য বানিয়েছিলেন তথ্যচিত্র। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে কুড়িয়েছেন সুনাম। এগুলো হলো ‘জলচর’, ‘বিস্ময়’এবং ‘অ্যাকুয়ারিয়াম’। নির্মাণ করেছেন বেশ কিছু টিভি নাটক। শুধু লেখা বা নির্মাণই নয়, রাজীব আশরাফ অভিনয়ও করেছেন নাটক ও টেলিছবিতে।