ঘরের ছবির যত্নআত্তি

পেন্টিং দিয়ে ঘর সাজাতে আমরা অনেকেই পছন্দ করি। বাড়িতে নানা ধরনের পেন্টিং থাকে। এসব পেন্টিংয়ের যত্ন নেওয়া জরুরি। কীভাবে যত্ন নেবেন জেনে নিন।

বড় এবং ভারী পেন্টিংস ফ্রেমের ওপরের দিকে ধরে তুলবেন না, এতে ছবির ভারে নিচের ফ্রেমে চিড় ধরতে পারে, বরং ছবি নিচের দিকে হাতের ওপর সাপোর্ট দিয়ে ধরুন।

ক্যানভাসে আঁকা ছবি যেখানে কাঁচের আবরণ নেই, সেগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন না। এতে ছবির সারফেসের ক্ষতি হয়। নরম কাপড় বা এক টুকরো ভেলভেটের কাপড় দিয়ে আলতোভাবে ছবি মুছে রাখুন। ফ্রেম এবং ছবির পেছন দিক পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনারের নরম ব্রাশ ব্যবহার করতে পারেন। এতে পেন্টিং পরিষ্কার এবং ভালো থাকবে। পেনসিল ড্রয়িং, প্যাস্টেল এবং ওয়াটার কালারের ছবিতে কাচ লাগিয়ে নিন। কারণ এ ধরনের ছবি খুব সহজেই ময়লা হয়ে যায়। কাচের আবরণ থাকলে ছবি অনেক দিন ভালো থাকবে।

বাথরুম সংলগ্ন দেওয়াল বা বাইরের দিকের দেওয়াল যেখানে ড্যাম্প ধরার সম্ভাবনা বেশি সেখানে ছবি লাগাবেন না। কারণ অতিরিক্ত ময়েশ্চার ছবির ক্ষতি করে। রান্নাঘরের লাগোয়া দেওয়ালেও ছবি টাঙানো উচিত নয়, কারণ রান্নার ধোঁয়া, তেল, কালি পেন্টিংয়ে গায়ে জমে ছবির ক্ষতি হয়। আবার সরাসরি রোদ এসে পড়ছে এমন জায়গাতেও ছবি রাখবেন না। এতে পেন্টিং তাড়াতাড়ি ফেড হয়ে যায়। একইভাবে ছবিকে হাইলাইট করার জন্য ছবির ওপর খুব বেশি পাওয়ারের লাইট লাগানো উচিত নয়।

পেন্টিং স্টোর করতে হলে ছাদ লাগোয়া লফেট রাখবেন না। অতিরিক্ত তাপমাত্রায় ছবির ক্ষতি হয়। পাশাপাশি ছবি প্লাস্টিকে মুড়ে রাখাও উচিত নয়, এতে ময়েশ্চার জন্মাতে পারে। তাই সবচেয়ে ভালো হয় পাতলা সুতির কাপড়ে ছবি মুড়ে রাখলে। বড় এবং ভারী ছবি টাঙানোর সময় খেয়াল রাখুন দেওয়ালে যেন অন্তত দুটি হুক থাকে। এতে পেন্টিং ভালোমতো সাপোর্ট পাবে। পাশাপাশি দেখে নিন ছবি এবং দেওয়ালের মাঝে যেন বায়ু চলাচলের জন্য সামান্য গ্যাপ থাকে। এর জন্য ছবির পেছনে ছোট ছোট কর্ক লাগিয়ে নিতে পারেন।

অয়েল পেন্টিং লাগানোর আগে ছবির ওপর বার্নিশের লেয়ার লাগালে ছবি অনেক দিন ভালো থাকে। তবে বিশেষজ্ঞের কাছ থেকেই করানো উচিত।