এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশারের শাহাদাতবার্ষিকী পালিত

বিমানবাহিনী গতকাল শুক্রবার যথাযথ মর্যাদার সঙ্গে সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীরউত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন করেছে।

এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী বিমানবাহিনী বিনির্মাণে অসামান্য অবদানের জন্য বিমানবাহিনী সর্বদা এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে। এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। ওই দুর্ঘটনায় একই সঙ্গে স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন।

দিবসটি পালনের উদ্দেশ্যে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়। এ ছাড়াও বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু কর্তৃক শহীদদের কবরে ফাতিহা পাঠের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও ফাতিহা পাঠে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসিসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানসেনারা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি