আপত্তিকর মন্তব্য সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিন পুলিশের’ শিরোনামে পোস্ট করা একটি সংবাদে নিচে আপত্তিকর মন্তব্য করে এক মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। তার নাম মো. আব্দুল্লাহ (৩৬)। গত বৃহস্পতিবার সিআইডি পুলিশের সাইবার ইন্টেলিজেন্স টিমের একটি দল তাকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মাসতুরাত হাফেজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক।

গতকাল শুক্রবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজাউল মাসুদ বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ২৭ আগস্ট চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হন। এ নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এর মধ্যে একটি পত্রিকার ফেসবুক পেজে পোস্ট করা সংবাদটির মন্তব্যের ঘরে আলহামদুলিল্লাহ কমেন্ট করেন আব্দুল্লাহ। তার কমেন্টের ওপর আরও অনেকে আলহামদুলিল্লাহ লিখতে থাকেন।