পাঁচ সেটের লড়াই জিতে শেষ ষোলোয় জকোভিচ

ইউএস ওপেনের শেষ ষোলোয় পৌঁছে গেলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। তবে এ জন্য তৃতীয় রাউন্ডে যথেষ্ট ঘাম ঝড়াতে হলো তাকে।

বাংলাদেশ সময় শনিবার সকালে স্বদেশি লাসলো জেরেকে হারাতে ৩ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে জকোভিচের। ০-২ সেটে পিছিয়ে পড়েও ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক শেষ পর্যন্ত ম্যাচ নিজের করেন ৪-৬, ৪-৬, ৬-১, ৬-১, ৬-৩ ব্যবধানে।

ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি জকভিচের। প্রতিপক্ষ জেরে তার জাতীয় দলের সতীর্থ। দুজন এক সঙ্গে সার্বিয়ার হয়ে ডেভিস কাপ খেলেন। স্বাভাবিক ভাবেই জকোভিচের শক্তি, দুর্বলতা তার অজানা নয়। সেই সুযোগ কাজে লাগিয়েছেন প্রথম দুই সেট নিজের করেন তিনি। ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে নেন প্রথম দুই সেট।

০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছিল জকোভিচকে। তবে ভেঙে না পড়ে প্রবল দাপটে ঘুরে দাঁড়ান। পরের তিন সেটে তার আগ্রাসী টেনিসের কোনো জবাব দিতে পারেননি জেরে। পর পর তিনটি সেট ৬-১, ৬-১, ৬-৩ ব্যবধানে জিতে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে যান জকোভিচ।