ডাবের আড়তে ঢুকে পড়ল ভোক্তা-অধিকার, সঙ্গে র‍্যাব

বগুড়ায় ডাবের আড়তে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

আজ শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী।

তিনি জানান, মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ উল্লেখ করতে না পারা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্যতালিকা প্রদর্শন না করাসহ নানা অপরাধে চারজন ডাবের পাইকারি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শহরের গোদারপাড়া এলাকার আল আমিন ডাবঘরকে ১০ হাজার টাকা, নামাজগড় এলাকার দুই ভাই ডাবঘরকে ৫ হাজার টাকা, গোয়ালগাড়ি এলাকার মেসার্স রূপম এন্টারপ্রাইজের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রেজভী আরও জানান, পাশাপাশি অতিরিক্ত মূল্য গ্রহণ না করা, ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করা এবং ক্রয় বিক্রয়ের সঠিক তথ্য সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয় প্রতিষ্ঠানগুলোকে।

এ সময় র‍্যাব-১২ এর একটি দল এবং জেলা কৃষি বিপণন কার্যালয় অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।