আফগানিস্তানে সুতা কারখানায় চাকরি পেলেন ২৪৫০ নারী

আফগানিস্তানের একটি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশটির প্রায় আড়াই হাজার নারীকে চাকরি দিয়েছে। হেরাত প্রদেশের ওই প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা নারীদের আরও কাজের সুযোগ দিতে চায়। আর সেজন্য প্রয়োজন সহযোগিতার। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টোলো নিউজ।

সাঈদ হাসান হুসেইনি নামে ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, তাদের কারখানায় দুই হাজার ৪৫০ জন নারী কাজ করেন। তাদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনকারী। তারা প্রতিষ্ঠান থেকে পাওয়া বেতন দিয়ে তাদের জীবন ধারণ করেন।

জেওয়ার নামে কারখানার এক নারী কর্মচারী বলেন, এই চাকরি করে কিছু পেলেই আমরা খুশি। আমরা অভাবী, দরিদ্র মানুষ। আমার স্বামী বৃদ্ধ। তিনি কাজ করতে পারেন না।

কুবরা নামের আরেক নারী বলেন, আমরা এখানে কাজ করার চেষ্টা করছি। চাইছি আমাদের শিশুদের স্কুল খরচ এবং আমাদের চাহিদা মেটাতে।

সংশ্লিষ্টরা জানান, এই প্রতিষ্ঠানে কর্মরত নারীদের অধিকাংশই নিরক্ষর। পাশাপাশি বিদেশে সুতা রপ্তানি না হওয়া এবং অভ্যন্তরীণ বাজারে সুতার দাম কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকজন উদ্যোক্তা।