বিদেশিরা ড. ইউনূসের পক্ষে বিবৃতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে: আইনমন্ত্রী

বিদেশিরা বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে ইউনূসের পক্ষে বিবৃতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তাদের জানা উচিত বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।

আজ শনিবার দুপুরে কসবার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিচক্র বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল। এখন আবারও ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ তথা বাংলাদেশকে হত্যার ষড়যন্ত্র চলছে। তাই আপনাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।এইটা আমাদের অস্তিত্বের লড়াই। ‘

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার করিম শাহরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুঁইয়া, পৌর মেয়র এম.জি হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বিল্লাল হোসেন, বায়েক ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আল মামুন ভুঁইয়া প্রমুখ।