কালিহাতীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরের পানিতে ডুবে সম্পর্কে খালা-ভাগ্নি দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার  দেউপুর মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের কুরুয়া গ্রামের মানিকের মেয়ে জান্নাতি (১১) ও দৌলতপুর গ্রামের সাইদুর রহমান স্বপন তালুকদারের মেয়ে সাদিয়া আক্তার জিম (৮)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বন্যার পানি কিছুটা বাড়ায় সকালে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা শেষে গোসল করার জন্য পুকুরে নেমেছিল। কিন্তু একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম রুপক বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।