যশোরে চার দিনের সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর-রংপুরের রিজিয়ন কমান্ডার ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর সাউথ-নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ারের ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছে গতকাল শনিবার।

বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। অপরদিকে, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী আয়্যুষ মানি তিওয়ারি, আইপিএস এর নেতৃত্বে সাত সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হরিদাসপুর পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ এর সাত সদস্যের প্রতিনিধিদল। দলটি বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে এলে বিজিবির সেক্টর কমান্ডার মামুনুর রশিদ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহম্মেদ জামিল হাসান জানান, যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদরে ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্নবিষয় নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ৫ সেপ্টেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যাবেন।