দেশ এগিয়ে নিতে সবার সহযোগিতা লাগবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থনীতিতে এক সময় বাংলাদেশ কোথায় আমরা খুঁজে পেতাম না। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আজকে ২০২৩ সাল। এ ১৪ বছরের অর্থনীতির সমীক্ষায় বাংলাদেশর অবস্থান ৩৫তম। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। ভবিষ্যতে বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা লাগবে। আসুন সব ভেদাভেদ ভুলে দেশকে ভালোবাসি। যার ভেতরে দেশ প্রেম নেই, সেই কখনো খাঁটি মুসলমান না। গতকাল শনিবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নলেজ পার্ক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, এক সময় কুমিল্লার অনেক সুনাম ছিল, এখনো আছে। আমার রেখে যাওয়া কাজগুলো আগামীদিন এ তরুণ প্রজন্মেরকে করতে হবে। আমি অসুস্থতার কারণে আপনাদের ভালোমতোই দেখাশোনা করতে পারিনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। পিতা-মাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহর সঙ্গে যেভাবে কথা বলেন সেভাবে পিতা মাতার সঙ্গে কথা বলবেন। প্রতিবেশীর হক নষ্ট করবেন না। তাদের খোঁজ খবর নেবেন। একজন ভালো মানুষের ইমানি দায়িত্ব।

বিশেষ অতিথি বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী অক্টোবরে শেখ কামাল আইটিসি ট্রেনিং সেন্টার উদ্বোধন হলে, সেখানে ট্রেনিং শুরু হবে। প্রতি বছর ১ হাজার ছেলে মেয়ে প্রশিক্ষণ পাবে।