রাজধানীর ভাটারা আবাসিক এলাকার একটি বাসায় জান্নাত (২২) নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তার খালাতো বোন ইমু ওরফে রিমা (২৫)।
গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। উদ্ধার করে হাসপাতালে আনা বন্ধুরা জানান, মদ্যপান করে অসুস্থ হয়েছিল তারা।
জান্নাতের মামাতো বোন ইভা আক্তার জানান, জান্নাত ও ইমু আপন খালাতো বোন। দুজনে ভাটারার একটি বাসায় থাকেন। তারা দুজন আগে পার্লারে কাজ করলেও বর্তমানে তেমন কিছুই করতেন না। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। সকালে ইভা খবর পান, জান্নাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। জান্নাত মদ্যপান করেছিলেন বলে জানতে পেরেছেন তিনি।
ইমুর বন্ধু আবদুল মতিন তাহান বলেন, গত বৃহস্পতিবার রাতে বাসায় মদ্যপান করেন ইমু, জান্নাত ও তার প্রেমিক রাব্বি। এরপরই জান্নাত ও ইমু অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাতে জান্নাত অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বারিধারার একটি হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসা শেষে তাকে রাতেই আবার বাসায় দিয়ে আসেন। ভোরে অসুস্থ হয়ে পড়লে জান্নাত আর ইমু দুজনকেই তারা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জান্নাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইমুকে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে।