ক্রিকেটে ও ফুটবলে আজ বাংলাদেশের আফগান পরীক্ষা

ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটবল দল, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুই দলেরই আজ লড়াই আফগানিস্তানের সঙ্গে। দিনটি তাই স্মরণীয় হয়ে গেছে এমনিতেই। বিকেল সাড়ে ৩টায় খেলতে নামবেন সাকিবরা। অন্যদিকে বসুন্ধরার কিংস অ্যারেনায় বিকেল ৫টায় নামবেন জামাল ভূঁইয়ারা।

দুটি প্রীতি ম্যাচ খেলতে আফগানিস্তান ফুটবল দল এখন ঢাকায়। যার প্রথমটি আজ মাঠে গড়াবে। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হচ্ছে বসুন্ধরার কিংস অ্যারেনার।

অন্যদিকে ক্রিকেট ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৫ উইকেটে হারের পর এশিয়া কাপের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হবে সাকিবদের। ‘বি’ গ্রুপ থেকে সেরা চারে যেতে হলে আফগানদের হারানোই শুধু যথেষ্ট নয়, তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বনাম লঙ্কান ম্যাচের দিকে।

ম্যাচটিতে স্বাগতিক শ্রীলঙ্কা জিতলে দুই ম্যাচ হেরে ছিটকে যাবে আফগানরা। সুপার ফোন নিশ্চিত হবে বাংলাদেশের। আর যদি লঙ্কানরা হেরে যায়-গ্রুপের তিন দলই তখন একটি করে ম্যাচ জিতবে এবং পয়েন্ট সমান হয়ে গেলে পরের পর্বে যাওয়ার টিকিট হয়ে উঠবে রানরেট। সেখানে এশিয়া কাপের শুরুতেই বেশ পিছিয়ে যাওয়ায় সেরা চারও অনিশ্চিত টিম টাইগার্সের জন্য।