বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের জনগণের শক্তি না থাকায় শক্ত হয়ে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিকভাবে কোনো কথা বলতে পারে না। তাই এই সরকারকে হটানো না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রোহিঙ্গা সমস্যার সমাধান করবে।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার পুরো দেশটাকে এক ধরনের আতঙ্কের মধ্যে রেখেছে। রোহিঙ্গা শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, আন্তর্জাতিকভাবেও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
তিনি বলেন, ‘দেশে ন্যূনতম গণতন্ত্র বলে কিছু নেই। আইন, বিচার, আদালত সবই আছে, তবে তা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জন্য।’
ইউএস, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, ইউএস এইড, ইউকে এইড, জাইকা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মান, ইরান, সুইডেন, নেদারল্যান্ডসসহ ১৫টি দেশের প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ড. জাহিদুর রহমান। সেমিনার সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।