ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ। এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে টাইগাররা জিতেছে ৮৯ রানের বড় ব্যবধানে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রবিবার বাংলাদেশের দেওয়া ৩৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে থেমে যায় আফগানিস্তান।
এই জয়ে টাইগারদের সুপার ফোর কার্যত নিশ্চিত হয়ে গেছে। ধরে নেওয়া যাক শেষ ম্যাচে আফগানিস্তান ৩০০ রান করল। এরপর শ্রীলঙ্কাকে ১০০ রানে অলআউট করে তাহলে আফগানদের নেট রানরেট হবে +১.১১, শ্রীলঙ্কার মাইনাস ১.৬৭। তখন আফগানিস্তান আর বাংলাদেশ উঠবে সুপার ফোরে। যদি আফগানিস্তান করে ২৫০ রান, শ্রীলঙ্কা করে ২০০, তাহলে আফগানিস্তানের নেট রানরেট হবে মাইনাস ০.৩৯, শ্রীলঙ্কার মাইনাস ০.০৪। তখন বাংলাদেশ আর শ্রীলঙ্কা উঠবে সুপার ফোরে।
মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে পাহাড় পুঁজি গড়েছিল টাইগাররা। যা তাড়ায় আফগানরা দ্বিতীয় ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে হারিয়ে ধাক্কা খায়। পরে ইব্রাহিম জাদরান ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়েছেন। তবে বাংলাদেশের বোলাররা সময়মতো ব্রেক থ্রু আদায় করে ম্যাচের লাগামটা রেখেছে নিজেদের হাতেই।
হাসান মাহমুদের শিকার ইব্রাহিম ৭৪ বলে সর্বোচ্চ ৭৫ রান করেছেন ১০চার ও ১ ছক্কায়। হাশমতউল্লাহ ৬০ বলে ৬ চারে দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেছেন। এছাড়া রহমত শাহ ৫৭ বলে ৩৩ ও রশিদ খান ১৫ বলে ২৪ রান করেন।
বোলিংয়ে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল তাসকিন আহমেদ। ৪ উইকেট নিয়েছেন তিনি। ৩ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। হাসান মাহমুদ ও মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেন করতে নেমে মিরাজ ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলেন। রিটায়ার্ড হার্ট হওয়া এই ব্যাটার ৭টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান। শান্ত ১০৫ বলে ১০৪ রান করেছেন ৯চার ও ২ ছক্কায়। সুবাদে ৫ উইকেটে ৩৩৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি সর্বোচ্চ সংগ্রহ।
ম্যাচসেরা হয়েছেন মিরাজ।