উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে উল্লেখ করে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, বগুড়া, নওগা, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে। ফলে আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের উল্লেখযোগ্য তাপমাত্রার মধ্যে দিনাজপুরে ৩৬.৬, শ্রীমঙ্গল ও ডিমলায় ৩৬.৫, রংপুরে ৩৬.৩, বগুড়ায় ৩৬.২, ময়মনসিংহ, সিলেট ও বদলগাছীতে ৩৬.০, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায় ৩৪ মিলিমিটার। এছাড়া দেশের উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে কুমিল্লায় ৩৩, রাজশাহীতে ৩০, ঈশ্বরদীতে ২৮, সিলেটে ২০, তাড়াশে ১৮, চাঁদপুর ও চুয়াডাঙ্গায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজ্যস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।