এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

দলবদল নিয়ে পিএসজির সঙ্গে মান-অভিমান ভুলে মাঠে নামতেই শুরু কিলিয়ান এমবাপ্পের গোলবন্যা! রবিবার রাতে লিওঁর বিপক্ষে তাদের মাঠে এমবাপ্পে করেছেন জোড়া গোল। পিএসজিও পেয়েছে ৪-১ গোলের ব্যবধানের জয়।

লিওঁর মাঠে ম্যাচের ৪ মিনিটে গোলের খাতায় নাম লেখান এমবাপ্পে। পেনাল্টি থেকে লক্ষ্য ভেদ করে এগিয়ে দেন দলকে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আবার দেখা মেলে এমবাপ্পে–ঝলকের। দারুণ ফিনিশিংয়ে লক্ষ্য ভেদ করে পিএসজিকে এগিয়ে দেন ৪-০ গোলে। বাকি দুটি গোল করেন আশরাফ হাকিমি এবং মার্কো আসেনসিও।

প্রথমার্ধে চার গোলে বিব্রতকর এক রেকর্ডও হয়েছে লিওঁর। লিগ ওয়ানে এর আগে তারা কখনোই প্রথমার্ধে ৪ গোলে পিছিয়ে ছিল না। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোল হজম করেনি লিওঁ। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কোরেন্তিন তোলিসো।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে পিএসজির মরোক্কান তারকা আশরাফ হাকিমি বলেছেন, ‘আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা শুরুটা ভালো করেছি এবং জয়টা নিয়ে দারুণ খুশি। এখন আমরা জাতীয় দলে স্বস্তির সঙ্গে যোগ দিতে পারব। আমি নিজের পারফরম্যান্স নিয়ে আনন্দিত। কোচ দলকে সাহায্যের জন্য আমাকে যা করতে বলেছেন, আমি সব করেছি। আশা করি, এটা আমি ধরে রাখতে পারব।’