৭৮% নতুন ভবনে অগ্নিঝুঁকি

প্রতি বছর রাজধানী ঢাকায় যে ৯০ হাজার ভবন নির্মাণ হচ্ছে তার মধ্যে ৭০ হাজারই রাজউকের অনুমোদন ছাড়া নির্মিত হচ্ছে। এসব ভবনের ৭৮ শতাংশেরই ফায়ার সেফটির সার্টিফিকেট নেই।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন গতকাল দুপুরে এক অনুষ্ঠানে এমন তথ্য জানান।

গতকাল সদর দপ্তরে নবগঠিত ‘ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের’ নেতাদের সঙ্গে পরিচয়-পর্ব অনুষ্ঠানে তিনি বলেন, ‘এসব ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই। আমরা মাঝেমধ্যে বিভিন্ন জায়গা থেকে ম্যাজিস্ট্রেট ধার নিয়ে অভিযান করছি।’

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এ মুহূর্তে ফায়ার সার্ভিসের জনবল ১৪ হাজার ৪৪৮ জন। রাজধানীতে ১২ হাজার জন মানুষের জন্য একজন ফায়ার ফাইটার। আর সারা দেশে ১১ হাজার ৭০০ জনে একজন ফায়ার ফাইটার রয়েছেন। আমেরিকায় ৯০০ জনে একজন করে ফায়ার কর্মী রয়েছেন। তবে কত মানুষে কতজন ফায়ার কর্মী থাকবেন সেটা নিয়ে আন্তর্জাতিক কোনো হিসাব নেই। আমরা তো ২০৪১ সালে উন্নত দেশে যেতে চাচ্ছি। তাহলে তো ৯০০ জনে না হোক এক হাজার জনে একজন লাগবে।

বর্তমানে ফায়ার সার্ভিসের স্টেশনের সংখ্যা কত জানতে চাইলে মহাপরিচালক জানান, এ মুহূর্তে দেশব্যাপী ৪৯৫টি স্টেশন চালু রয়েছে। আর ৪৩টি চালুর অপেক্ষায় আছে, যা অক্টোবরের মধ্যে চালু হবে। প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা তা আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়ন হলে স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৭৩৫টি।

তিনি বলেন, পুরান ঢাকার চুড়িহাট্টার কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কেউই নতুন করে লাইসেন্স বা নবায়ন করছে না। তাতে তো ব্যবসা বন্ধ হয়নি।

মাইন উদ্দিন বলেন, ‘ভবন বা দোকান তৈরি করতে দেশের প্রচলিত আইন আছে। একটি ভবন নির্মাণে অনুমোদন নিয়েছেন কি না? আবার তা নির্মাণ শেষে অকুপেন্সি সার্টিফিকেট রাজউক থেকে নিতে হয়। এর আগে ফায়ার সার্ভিস থেকে একটা সার্টিফিকেট নিতে হয়। সেটা যদি না নেন তাহলে রাজউক থেকে অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার কথা না। যেটা কিছুদিন আগে রাজউক বাধ্যতামূলক করেছে। যদি ফায়ার সার্টিফিকেট নেন তাহলে আপনার সব প্রস্তুত। তার মানে, ভবনটি যেভাবে হওয়ার কথা, হয়েছে। এরপর দুর্ঘটনা তো দুর্ঘটনাই।’

ফায়ার সার্ভিসকে পরিবর্তনের চেষ্টা চলছে জানিয়ে মহাপরিচালক বলেন, ‘দায়িত্ব পাওয়ার এক বছরের মধ্যে ফায়ারের অবকাঠামোসহ সব ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা করছি। নতুন সংগঠন দেখে আমার আসলেই ভালো লাগছে, যখন শুনেছি ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরাম গঠন হয়েছে।’

গতকাল ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের নেতারা সংগঠনের পক্ষ থেকে মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কমিটির কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় অবহিত করেন। ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন সংগঠনের উপস্থিত সবার সঙ্গে কুশলবিনিময় ও খোলামেলা আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি ওবায়দুল কবীর (বাবু), সাধারণ সম্পাদক শুভ্র দেব, যুগ্ম সম্পাদক ইমন রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, অর্থ সম্পাদক ইমরান রহমান, দপ্তর সম্পাদক মাসুদা লাবনী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক খলিলুর রহমান ও নির্বাহী সদস্য সিরাজুম সালেকীন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন, উপপরিচালক (পরিকল্পনা) মো. আক্তারুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার, স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।