বিশ্বকাপের পরই ওয়ানডে ছাড়বেন ডি কক

চোট থেকে সেরে ওঠায় কেশভ মহারাজকে নিয়েই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।

মার্চে পাওয়া অ্যাকিলিসের চোটে মহারাজ আর এ বছর খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছিল। তবে চোটের জায়গা অবিশ্বাস্য ‍উন্নতি হয় তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলে নিজেকে ফিট প্রমাণ করে বিশ্বকাপেও জায়গা করে নিয়েছেন তিনি।

স্কোয়াডে মহারাজ ছাড়াও স্পেশালিস্ট স্পিনার হিসেবে রয়েছেন তাবরাইজ শামসি। এ ছাড়া আইডেন মারকরামও রয়েছেন, তৃতীয় স্পিনার হিসেবে যিনি ভূমিকা রাখতে পারবেন। তবে তিনজনেরেই প্রথম বিশ্বকাপ হবে এটি।

বিশ্বকাপে প্রোটিয়ারা খেলবে তেম্বা বাভুমার নেতৃত্বে। এমনিতে নিয়মিতের প্রায় সবাই রয়েছেন দলে। তাদের ব্যাটিং শক্তির মূল ভিত্তি কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, আইডেন মারকাম। ফিনিশার হিসেবে থাকছেন ডেভিড মিলার। পেস বোলিংয়ে থাকছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, আনরিক নরকিয়া।

তবে অল্প বয়সে দারুণ প্রতিভার সাক্ষর রাখা ডেওয়াল্ড ব্রেভিসকে স্কোয়াডে রাখেনি দক্ষিণ আফ্রিকা। যিনি ‘বেবি এবি’ নামে পরিচিত। দলে রাখা হয়নি আরেক তরুণ ট্রিস্টান স্টাবসকেও।

আগামী ৭ অক্টোবর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে প্রোটিয়ারা। এবারের আসর শেষে ওয়নাডে ক্রিকেটকে বিদায় জানাবেন কুইন্টন ডি কক। ২০২১ সালেই অবশ্য টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। এবার ওয়ানডকেও বিদায় বলে শুধু টি-টোয়েন্টি খেলবেন তিনি।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড

তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ল্ড কোয়েটজি, কুইন্টিন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন, সিসিন্দা মাগালা, কেশব মহারাজ, আইডেন মারকরাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।