বগুড়ার শেরপুরে ২২ মামলার আসামি দুই সহোদরকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
আটকরা হলেন, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের শাজাহান আলী সাজু (৪১) ও সোনম রাজু (৩০)।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে রনবীরবালা এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে মাদকসহ আটক করে পুলিশ।
জানা যায়, তারা দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল। ওই রাতে তারা তাদের বাড়ির গেটের সামনে মাদকসেবীদের কাছে মাদকদ্রব্য বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে থাকা বাজারের ব্যাগে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, ‘মাদক কারবারি সহোদর শাজাহান আলী সাজুর নামে ১২টি মামলা এবং সোনম রাজুর নামে ১০টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’