স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে বিতর্কিত ‘চুমু-কাণ্ডে’র ঘটনায় মামলা করেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার জেনিফার হারমোসো। মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিসে উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন।
এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিবো। ২৮ আগস্ট রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছিল জাতীয় আদালতের প্রসিকিউটর। পরদিন হারমোসোর অসম্মতিতে চুমু খাওয়ায় তিনি কোনো যৌন নির্যাতনের শিকার হয়েছেন কিনা তা নিয়ে প্রসিকিউটররা প্রাথমিক তদন্ত শুরু করেন।
নতুন করে আনা এই অভিযোগের অর্থ হলো, ৪৬ বছর বয়সী সভাপতি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন। বিবিসি বলছে, প্রাথমিক তদন্ত শুরুর পর স্পেনের সর্বোচ্চ ক্রিমিনাল আদালত জানায় যে ৩৩ বছর বয়সী হারমোসোর অভিযোগ অত্যন্ত স্পষ্ট এবং তার আইনগত অধিকার নিশ্চিত করা প্রয়োজন। একইসঙ্গে রুবিয়ালেসের বলা সম্মতিপূর্ণ চুমুর অভিযোগও প্রত্যাখ্যান করেন তারা।