যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর অত্যাচারের ঘটনা উপমহাদেশে নতুন নয়। কিন্তু স্ত্রীকে কুয়ায় ডুবিয়ে মারার চেষ্টার ভিডিও পাঠিয়ে যৌতুকের টাকা আদায়ের কৌশল অভিনবই বটে। সম্প্রতি এ ধরনের একটি ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের নিমুচে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নিমুচের বাসিন্দা রাকেশ কিরের সঙ্গে বিয়ে হয়েছিল ঊষার। তবে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে রাকেশের বিরুদ্ধে। কিন্তু সংসারের কথা ভেবে সব সহ্য করছিলেন ঊষা।
সম্প্রতি একটি কুয়ায় রাকেশ তার স্ত্রীকে দড়ির সঙ্গে বেঁধে বালতির মতো নামিয়ে দেন। ঊষাকে ডুবিয়ে মারার চেষ্টা করেন তিনি আর সেই দৃশ্যের ভিডিও রেকর্ড করেন। পরে সেই ভিডিও পাঠানো হয় স্ত্রীর স্বজনদের কাছে। দাবি করা হয়, ৫ লাখ রুপি যৌতুক না দিলে এভাবেই ডুবিয়ে মারা হবে ঊষাকে। ভয়ংকর এই ভিডিও দেখে চমকে ওঠে ঊষার পরিবারের সদস্যরা।
তারা স্থানীয়দের মাধ্যমে ঊষার শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। টাকার দাবিতেই অনড় থাকেন রাকেশ। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করা হয়। পুলিশ গ্রেপ্তার করে রাকেশকে। আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে।