বর্তমান প্রজন্মের কাছে সুফিজম তুলে ধরার লক্ষ্যে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী প্রতিষ্ঠিত দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) উদ্যোগে এবং ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় আয়োজিত হচ্ছে কনফারেন্সটি।
আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কনফারেন্স উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ প্রফেসর ড. অমিত দে।
আজ বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাবি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় ঢাবি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা, খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক, নানুপুর লায়লা কবীর কলেজের প্রভাষক মেজবাউল আলম শৈবাল উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, কনফারেন্সে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ বিশ্বের ১৬টি দেশের ৬৬টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের ১০২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
সৈয়দ ইরফানুল হক বলেন, ইতিহাসের এই সন্ধিক্ষণে বিশ্বে আমরাও শান্তি, সম্প্রীতি, সহাবস্থান এবং সহনশীলতার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে এসেছি। সুফিসাধকরা সর্বদা মানুষের আত্মশুদ্ধির ওপর জোর দেন। মাইজভাণ্ডারী তরিকায় আত্মশুদ্ধির অনন্য পদ্ধতিকে বলা হয় উসূল-ই-সাবা।
কনফারেন্সের প্রথম দিন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলোজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে গেস্ট অব অনার থাকবেন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি থাকবেন ঢাবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল বাছির।
কনফারেন্সের ২য় দিন প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন ঢাবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি থাকবেন ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. সাদেকা হালিম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়া রহমান। গেস্ট অব অনার থাকবেন মিশরের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের মেম্বার ড. মোহাম্মদ মাহমুদ আহমেদ হাশিম এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আচার্য প্রফেসর ড. ইব্রাহিম সালাহ আল-সাইয়েদ সোলেমান আল-হুদহুদ।