আর্থিক ও পুনর্বাসন সহায়তা পেল চার শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী। জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে সংগঠনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভায় অসহায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা, সেলাই মেশিন ও গৃহনির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল বুধবার রাজধানীর বকশীবাজারে নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধীদের নানা ধরনের সুযোগ-সুবিধা তৈরি করেছেন। তিনি এখন যেমন দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সব দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যদের আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের ১০০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার করে মোট ৩ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এ ছাড়া ২০ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে মাসিক ১ হাজার টাকা করে দুই মাসের জন্য ৪০ হাজার টাকা বয়স্ক ভাতা প্রদান করা হয়।
সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকের সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের উপপরিচালক ভবেন্দ্র নাথ বাড়ৈ, লালবাগ জোনের উপ কমিশনার মো. জাফর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজ (তামিম) প্রমুখ।