চোটের কারণে খেলতে পারছেন না প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের পদটা স্থায়ী হওয়ার পর প্রথম সিরিজেই খেলতে পারছেন না তিনি। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস করতে নেমেছেন মিচেল মার্শ। ২৯তম অধিনায়ক হিসেবে অভিষেক হলো মার্শের।
সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়ে আসছিলেন অ্যারন ফিঞ্চ। ওয়ানডে থেকে আগেই নিয়েছিলেন অবসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলেছেন। তাতে রঙিন পোশাকের নতুন অধিনায়ক খুঁজে নিতে হয়েছে।
কুড়ি ওভারের ক্রিকেটে মিচেল মার্শকে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। তারপর ঘোষণা করেছে বিশ্বকাপের দল। সেখানে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে অধিনায়ক ঘোষণা করা হয়। তবে আজ থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি নন, টস করতে দেখা গেছে মিচেল মার্শকে।
তাতে ২৯তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হলো মার্শের। কামিন্সের চোটেই আগেভাগে কপাল খুললো তার। অ্যাশেজ সিরিজে হাতে চোট পেয়েছিলেন কামিন্স। ব্যাথা এখনও কিছু আছে। বিশ্বকাপকে মাথায় রেখে সেই ব্যথা কাটিয়ে উঠতে নতুন অধিনায়ক বিশ্রাম চেয়েছিলেন। তাই তাকে প্রথম ওয়ানডেতে রাখা হয়নি। যে কারণে কপাল খুলে গেছে সহ-অধিনায়কের। ৫০ ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই টস জিতলেন তিনি। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
যদিও কামিন্সের ওয়ানডেতে অধিনায়ক হিসেবে গত বছরই অভিষেক হয়ে গেছে। ১৭ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ২৭তম ওয়ানডে অধিনায়ক হিসেবে টস করেছিলেন তিনি। তাছাড়া ২০২১ সাল থেকে তো তিনি টেস্টের নিয়মিত অধিনায়কই।
অস্ট্রেলিয়া
ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।
দক্ষিণ আফ্রিকা
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।