ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে গাছ ভেঙে পড়ে এক রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম শফিকুল ইসলাম (৩৫) বলে জানা গেছে। ঘটনাটিতে আহত হয়েছেন ঢাবি শিক্ষার্থীসহ আরো ২ জন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির শুরু হওয়ার পরপরই ঝোড়ো বাতাসের সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত রিকশাচালককসহ তাদেরকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৬টার দিকে শফিকুলকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শিক্ষার্থী ওয়াহিদা বিনতে রোকন (২২) ও কাপড় ব্যবসায়ী সাইফুল বারি প্রদীপ।
আহতরা জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে তারা টিএসসিতে কেউ গাছের নিচে কেউবা দোকানে দাঁড়ান। তখন ঝোড়ো বাতাসে একটি বড় গাছ ভেঙে রাস্তায় পড়ে। ওই গাছের নিচে চাপা পড়েন রিকশাচালক। এছাড়া গাছের ডালের আঘাতে আহত হন ওই রিকশার যাত্রী ওয়াহিদা ও আরেক রিকশার যাত্রী প্রদীপ।
আহত প্রদীপ জানান, তিনি খিলগাঁওয়ে কাপড় ব্যবসা করেন। কাপড় কেনার জন্য রিকশা যোগে পোস্তগোলা যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তিনি টিএসসিতে রিকশা থেকে নেমে একটি চায়ের দোকানে দাড়িয়ে চা পান করছিলেন। তখন গাছ ভেঙে পড়লে সেই ডালপালার আঘাত লাগে তার শরীরে।
এদিকে নিহত শফিকুলের মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে তার ভাতিজা রায়হানের কাছ থেকে জানা যায়, শফিকুলের বাড়ি শেরপুর সদর উপজেলার আমবাড়িয়া গ্রামে। তার বাবার নাম খাবের আলী।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার স্বজনদেরকে খবর জানানো হয়েছে। তবে আহত ২ জন আশঙ্কামুক্ত। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে