বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন পেশার ৫৮২ বিশিষ্ট নাগরিক। গতকাল বৃহস্পতিবার সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীর স্বাক্ষরে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে তারা বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের মতো অবস্থানে চলে গেছেন। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট প্রয়োজন। তাই আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে ওঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাই।’
বিবৃতিতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৮ বছর। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি অত্যন্ত অসুস্থ।
দীর্ঘ চার বছর তার যথাযথ কোনো চিকিৎসা হয়নি। হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনি ও চোখের সমস্যা ছাড়াও পুরনো আর্থ্রাইটিস এবং কভিড-১৯ আক্রান্ত হওয়া ও কভিড-পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ।’
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাংবাদিক রুহুল আমিন গাজী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. তাসমেরি এসএ ইসলাম, অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ড. খলিলুর রহমান, অধ্যাপক ড. মোশাররফ হোসেন মিয়া, সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী, ডা. আবদুল আজিজ, অধ্যাপক ডা. গাজী আবদুল হক, সাংবাদিক এমএ আজিজ, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক এম আবদুল্লাহ, সাংবাদিক কাদের গনি চৌধুরী, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।