স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি-জামায়াত আগুন দিয়ে বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। তারা জীবজন্তু পর্যন্ত বাদ দেয়নি। এটা হচ্ছে বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন হাসপাতাল তৈরি করে আগুনে হতাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেছেন।’
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘নির্ভিক দুর্জয়’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাদক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা মনে করি তরুণ প্রজন্মকে যদি মাদকমুক্ত না রাখতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম শামীম ওসমান, সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান প্রমুখ।
পুলিশ সুপার কার্যালয়ে ম্যুরাল ও সালামী মঞ্চ উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জেলা পুলিশ লাইনসে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন।