ফেয়ার টেকনোলজি চালু করছে ‘হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রাম’

বাংলাদেশে প্রথমবারের মতো হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করছে ফেয়ার টেকনোলজি লিমিটেড (এফটিএল)। গতকাল রাজধানীর তেজগাঁও লিংক রোডে হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করেন ফেয়ার টেকনোলজির সিইও মুতাসসিম দায়ান। তিনি বলেন, যেকোনো ব্র্যান্ডের পুরনো গাড়ি বদলে ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ি কেনার সুযোগ করে দিতে এ প্রোগ্রাম চালু করা হচ্ছে। এক্সচেঞ্জ সুবিধা ক্রেতাদের আরও কাছে পৌঁছে দিতে ১৫ ও ১৬ সেপ্টেম্বর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে হুন্দাই এক্সচেঞ্জ ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার টেকনোলজির সিইও। তিনি জানান, আগামী অক্টোবর ও নভেম্বরে ঢাকার দুটি ভিন্ন ভেন্যুতে আরও আরও দুটি হুন্দাই এক্সচেঞ্জ ফেয়ার আয়োজন করা হবে।

ফেয়ার টেকনোলজির হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রামের পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনস, সিক্রেট রেসিপি এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আরটিভি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশনস হাসনাইন খুরশেদ, ক্যাম্পেইন ব্রিফ উপস্থাপন করেন হেড অব সেলস আবু নাসের মাহমুদ ও ফেয়ার টেকনোলজির মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ। ক্যাম্পেইন পার্টনারদের পক্ষে সিক্রেট রেসিপির বিজনেস হেড কেএসএম মহিতুল বারী এক্সচেঞ্জ প্রোগ্রামের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জেএম তসলীম কবীর অনুষ্ঠান পরিচালনা করেন। বিজ্ঞপ্তি