ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী আহত হয়েছেন। শামসুর রহমান (২০) নামে ওই ছাত্রের কাছ থেকে একটি ফোন ছিনিয়ে নেয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শামসুর পরিবারের সাথে মিরপুর ২ নম্বর সেকশন এলাকায় থাকেন। তার মা শামসুন্নাহার বেগম জানান, শামসুর রহমান আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ বিভাগের প্রথম বর্ষে পড়ে। ধানমন্ডির সিটি কলেজের পাশে কম্পিউটার কোর্স করেন। সেখান থেকে বাসায় ফেরার পথে ধানমন্ডি এলাকার কোনো স্থানে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে এক রিকশাচালক তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে পরিবারের লোকজন তাকে রাতে ঢাকা মেডিকেল নিয়ে যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে আহত শামসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।