ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়াল

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭০৬ জনে দাঁড়াল। এর মধ্যে শুধুমাত্র আগস্টে মারা গেছেন ২৫৫ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন।