উপহারের ডালি নিয়ে এলো চাঁদের বুড়ি

রাতের আকাশ শান্ত বেজায় জোসনা ঝিকিমিকি

চাঁদের পাশে তারাগুলো ঝলমলানো সিকি!

তারার মতো সিকিগুলো কুড়ায় চাঁদের বুড়ি

চন্দ্রযানে চাঁদে এসে চিবোচ্ছে ঝালমুড়ি।

 

নরম আলোয় মুগ্ধ হয়ে চাঁদের বুড়ি হাসে

ফোঁকলা দাঁতের চাঁদবুড়িটা মর্ত্যে নেমে আসে।

তারার সিকি করবে কী সে বলব নাকি কারণ?

বলছি শোনো চুপিচুপি, বলতে আছে বারণ!

 

দুষ্টুমিষ্টি ছেলে এবং মেয়ে আছো যারা

খবর শুনে তোমরা হবে হয়তো মাতোয়ারা।

তোমরা যারা পশুপাখির আদর করো মেলা

দিচ্ছ খাবার অনাহারীর, করছ আবার খেলা

আপন করে নিচ্ছ তাদের ঠিক স্বজনের মতো

শীতের কাপড় দিয়ে তাদের দিচ্ছ মুছে ক্ষত

অন্ধজনের হচ্ছ লাঠি রাস্তা পারাপারে

বই পড়াতে বই নিয়ে যে ঘুরছ দ্বারে দ্বারে

এবং যারা গাছ লাগিয়ে করছ যতন জবর

টুইটারে যে বুড়ির কাছে জমেছে এই খবর।

 

তাই তো বুড়ি আসছে ছুটে মজার চন্দ্রযানে

বাংলাদেশে ঢুকে তখন সুইচ দিল টিপে

অমনি বুড়ির থেমে গেল চন্দ্রযান গাড়ি

সিকির ঝোলা সঙ্গে নিয়ে নামল তাড়াতাড়ি।

 

দুষ্টুমিষ্টি ছেলেমেয়ে বুড়ির মেহমান

ওরা এখন চাঁদে যাবে, গাইবে কত গান

খাবে বুড়ির ঘরে থাকা মজার খানাদানা

কত খাবে খাও না বাপু করবে না কেউ মানা।

 

বুড়ি এলো সঙ্গে আছে উপহারের ডালি

সেই ডালিতে সোনার সিকি রয়েছে কয় হালি

বলল বুড়ি, সব তোমাদের, এইগুলো নাও, নাও

তোমরা হলে আলোর পাখি হাত বাড়িয়ে দাও।