আবার বিএনপি-আ.লীগ পাল্টাপাল্টি কর্মসূচি আজ

সরকারের পদত্যাগের এক দফা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার রাজধানী ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ একইদিন পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও মোহাম্মদপুর টাউন হলে আওয়ামী লীগের সমাবেশ। অন্যদিকে একই সময় রামপুরা ও কমলাপুর থেকে কর্মসূচি শুরু করবে বিএনপি।

বিএনপির গণমিছিল : বিএনপির নেতৃত্বাধীন সরকারবিরোধী দলগুলোর ঐক্যবদ্ধভাবে যে কর্মসূচি পালন করছে আজ তাদের ১৯তম কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজধানীর রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর কমলাপুর থেকে গণমিছিল শুরু করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।

গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২২ শর্তে গণমিছিলের অনুমতি দেয় বিএনপিকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে গণমিছিল শুরু করে মালিবাগ আবুল হোটেল, রেলগেট, মৌচাক মোড়, শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিংগেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসবে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা রাজধানীর কমলাপুর থেকে গণমিছিল শুরু করবেন। মিছিলটি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হবেন। তিনি জানান, নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে গণমিছিল শুরু করবে। শেষ হবে দৈনিক বাংলা মোড় গিয়ে। একই সময়ে ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে, এলডিপি বিকেল ৩টায় কারওয়ান বাজার এফডিসিসংলগ্ন এলডিপি অফিসের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় অফিসের সামনে থেকে, গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু করবে। লেবার পার্টি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, এনডিএম দুপুর সাড়ে ১২টায় পুুরানা পল্টন ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশন মিলনায়তনের সামনে থেকে, গণতান্ত্রিক বামঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচা স্কুলের সামনে থেকে গণমিছিল শুরু করবে।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ : অন্যদিকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবারই প্রথম পৃথকভাবে শান্তি সমাবেশের কর্মসূচি দিয়েছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এবং সরকারের উন্নয়ন প্রচার করতে সরকারি দল এ কর্মসূচি দিয়েছে।

গত ১০ ডিসেম্বর থেকে বিএনপির কর্মসূচির দিন রাজধানীতে শান্তি সমাবেশ করে আসছে আওয়ামী লীগ। তবে জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাস জুড়ে কর্মসূচি থাকায় বিএনপির পাল্টা কোনো কর্মসূচি রাখেনি ক্ষমতাসীনরা। কিন্তু গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ঢাকায় ছাত্র সমাবেশ করে ছাত্রলীগ। যাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এরপর আজ শনিবার আবারও পাল্টা কর্মসূচি করবে ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, কর্মসূচির নামে বিএনপির জ্বালাও-পোড়াও ঠেকাতে তারা মাঠে থাকবে। কারণ হিসেবে বলছেন, তারা মাঠে থাকলে বিএনপি সহিংসতা করার সাহস পায় না, সর্বশেষ গত ২৯ জুলাই রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির দিন আওয়ামী লীগ মাঠে ছিল না। সেদিন রাজধানীর কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তাই সমালোচনা হলেও বিএনপিকে প্রতিরোধ করতে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরের দপ্তর সম্পাদক উলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি জানান, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার আয়োজনে শান্তি সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গত ডিসেম্বর থেকে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্ট হলেও বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সহিংসতার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।