রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পাঁচ দিনের ইন্দোনেশিয়া সফর শেষে গতকাল শুক্রবার বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেছেন। তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘ইস্ট এশিয়া’ সম্মেলনে যোগ দেন।
রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ২টা ১২ মিনিটে (সিঙ্গাপুর সময়) পৌঁছায়। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
সিঙ্গাপুরে রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা হবে।
এর আগে বেলা ১১টায় (জাকার্তা সময়) ইন্দোনেশিয়ার রাজধানী সুকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী আরিফিন তাসরিফ এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায় জানান।
বাংলাদেশের রাষ্ট্রপতি ৪ সেপ্টেম্বর জাকার্তায় পৌঁছান। তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সভাপতিত্বে ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্ত্রী ড. রেবেকা সুলতানাসহ ৫ সেপ্টেম্বর সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারবিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও সেখানে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুধু আসিয়ান ১০টি দেশের সাংগঠনিক নেতারাই উপস্থিত ছিলেন না, বিশে^র কয়েকজন রাষ্ট্রীয় নেতা, রাষ্ট্র ও সরকারপ্রধান, অংশীদার দেশগুলোর প্রতিনিধিরাও এতে অংশ নিয়েছেন।