র‌্যাব-বিটিআরসির অভিযানে অবৈধ বুস্টার জব্দ

গাজীপুুরে র‌্যাব ও বিটিআরসি যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ ৬টি নেটওয়ার্ক রিপিটার বুস্টারসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।

তিনি জানান, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন র‌্যাব-১ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে গাজীপুর জেলা সদর, শ্রীপুর উপজেলা, জয়দেবপুর থানা এবং ময়মনসিংহের ভালুকা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি বিপণিবিতানের একটি টাওয়ার, শহিদুল্লাহ্ কমপ্লেক্সের দুটি টাওয়ার, শ্রীপুর রোডের একটি টাওয়ার, সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি টাওয়ার, ম-ল গ্রুপের একটি টাওয়ার, মহানগরের সালনা বাজার এলাকার একটি টাওয়ার, মুন্সীপাড়া এলাকার রফিক ভবনের একটি টাওয়ার, হাক্কানী হাউজিং সোসাইটির একটি টাওয়ার, জৈনা বাজার এলাকার একটি টাওয়ার, হোতাপাড়া এলাকার একটি টাওয়ার ও ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২টি ইনডোর রিপিটার বুস্টার, ৪টি আউটডোর রিপিটার বুস্টার, ৭৬টি ছোট-বড় বিভিন্ন অ্যান্টেনা, ৫২টি সুইচ এবং তিনটি ইনডোর রিপিটার অ্যান্টেনা জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

বিটিআরসির সহকারী পরিচালক শাহাদাত হোসেন, উপসহকারী পরিচালক (এসএম) সরফুদ্দিন চৌধুরী, র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন (সেবা), স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত অভিযানে নেতৃত্ব দেন।